জনবল সংকটের মধ্য দিয়ে চলছে নওগাঁর পতœীতলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)। ১২টি শিক্ষক পদের সবগুলোই শূন্য। সাত জন অতিথি শিক্ষক টাকার বিনিময়ে পাঠদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির ল্যাবে নেই পর্যাপ্ত শিক্ষা সরঞ্জাম। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠার চার বছরেও অনেকটা জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
পত্মীতলা ম্যাটসের কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভার পুঁইয়া এলাকায় পতœীতলা ম্যাটসের অবকাঠামো নির্মাণ করে। ২০২১ সালে তিনতলা বিশিষ্ট একটি অ্যাকাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ছাত্রছাত্রীদের জন্য দুটি আবাসিক হল, অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের জন্য দ্বিতল ভবন বিশিষ্ট দুটি কোয়ার্টার ভবনের নির্মাণকাজ শেষে ২০২১ সালে অবকাঠামোটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়। মোট ৫২ আসন বিশিষ্ট চার বছর মেয়াদি কোর্সে ওই বছরেই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিনটি ব্যাচে মোট ১৫৬ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটিতে একজন অধ্যক্ষসহ মোট ১৩ জন শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে।
প্রতিষ্ঠার পর থেকেই নওগাঁ সরকারি মেডিকেল কলেজের শিক্ষক ডা. এম এ হাই পতœীতলা ম্যাটসের অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিষ্ঠানটির ১২ জন শিক্ষক পদের (ছয়জন লেকচারার ও ছয়জন টিউটর) কোনো পদেই এখন পর্যন্ত কোনো শিক্ষককে নিয়োগ দেয়া হয়নি। শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে সাতজন অতিথি শিক্ষক দিয়ে। এছাড়া শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির ল্যাবে নেই পর্যাপ্ত শিক্ষা সরঞ্জাম।
পত্মীতলা ম্যাটস ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, অ্যাকাডেমিক ভবন তালাবদ্ধ। প্রশাসনিক ভবনের সামনে যেতেই ভবনটির মূল ফটকে তালা দিতে দেখা যায় দুজন লোককে। তাদের একজন ফেরদৌস খান। অফিস সহায়ক হিসেবে কর্মরত ফেরদৌস জানালেন, এই প্রতিষ্ঠানে তিনিই একমাত্র নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। অধ্যক্ষসহ বাকি যারা এখানে আপাতত দায়িত্বে রয়েছেন তারা সবাই অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান কিংবা প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন। পতœীতলা হেলথ কমপ্লেক্সের চিকিৎসক ও নজিপুর সরকারি কলেজের কয়েকজন শিক্ষক এখানে এসে মাঝে মাঝে ক্লাস নিয়ে যান। সাধারণত দুপুরের আগেই ক্লাস শেষ হয়ে যায়।
ফেরদৌস বলেন, আজকেও (গত রবিবার) সকালে দুইটা ক্লাস ছিল। আর কোনো ক্লাস না থাকায় আমরা চলে যাচ্ছি।
প্রতিষ্ঠানটির ছেলেদের আবাসিক হলে গিয়ে কথা হলো কয়েজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানান, এই প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে তাদের নিয়মিত পাঠদান কার্যক্রম হচ্ছে না। এছাড়া এখানে পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটি নেই। ফলে চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য তাদের ব্যবহারিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চরমভাবে চিন্তিত।
শিক্ষার্থী রায়হান কবির ও ফয়সাল দেওয়ান বলেন, ম্যাটসে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক না থাকায় তাদের নিয়মিত ক্লাস হয় না। প্রথম বর্ষে কোনো কোনো বিষয়ে সারা বছরে মাত্র ১০-১২টি ক্লাস হয়েছে। এছাড়া এখানে ল্যাব ফ্যাসিলিটি নেই বললেই চলে। ল্যাবে অ্যানাটমি, প্যাথলজি ও ফার্মাকোলজি বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য অ্যানাটমি কঙ্কাল, মাইক্রোস্কোপ, সেন্টিফিউজ যন্ত্র, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা রি-এজেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। এছাড়া তাদের প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য কোনো লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব নেই। এর ফলে চিকিৎসাজ্ঞানের অনেক বিষয়ই তাদের অজানা থেকে যাচ্ছে।
পত্মীতলা ম্যাটসের অধ্যক্ষ এম এ হাই বলেন, এই প্রতিষ্ঠানে বলতে গেলে কোনো জনবলই নেই। ১২ জন শিক্ষকসহ প্রতিষ্ঠানটিতে প্রায় ৪০ জন লোকবল থাকার কথা। কিন্তু এখানে সরকারি নিয়োগপ্রাপ্ত মাত্র একজন কর্মচারী রয়েছেন। তাও তিনি গাজীপুরে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তাকে প্রেষণে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি নিজেও অধ্যক্ষ হিসেবে এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। যারা এখানে পাঠদান করাচ্ছেন তারা সবাই অন পেইড (টাকার বিনিময়ে) অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে ছাত্র ও ছাত্রীদের জন্য দুটি হল রয়েছে। হলগুলোতে দুজন হল সুপার থাকার কথা। সেই দুটি পদও ফাঁকা রয়েছে। এছাড়া নিরাপত্তাকর্মীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোও ফাঁকা রয়েছে। সব মিলিয়ে নতুন প্রতিষ্ঠান হিসেবে অনেক সমস্যার মধ্যে যেতে হচ্ছে।
তিনি আরও বলেন, লোকবল নিয়োগের জন্য স্থানীয় সংসদ সদস্য ও আমি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। অন্তত ১০-১২ বার চিঠি দিয়ে লোকবল নিয়োগ ও ল্যাবের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে কিন্তু কোনো সাড়া মিলেনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
