এইমাত্র পাওয়া

বিবর্তনবাদ অধ্যায় বাতিলসহ ৩০ সুপারিশ কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্যবই থেকে মানব বিবর্তন বাতিল, বিভিন্ন অধ্যায়ে বানান ভুল, ছবি নির্বাচন ও উপস্থাপনে ত্রুটি, ইংরেজি বইতে বাংলা অনুবাদ, সর্বনাম ব্যবহারে ভুল, পাঠ্যবই প্রণয়নে প্রস্তুতির ঘাটতি ও তড়িঘড়িকরণ, পৃষ্ঠা সংখ্যা অতিরিক্ত করে বইয়ের ভার বাড়ানোসহ বেশ কিছু ভুল-ত্রুটি চিহ্নিত করেছে পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ কমিটি।

এসব সংশোধনে ৩০টির মতো সুপারিশ করা হয়েছে। গত ২৭ মার্চ এ কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাধ্যমিকের ষষ্ঠ-সপ্তম শ্রেণির নতুন পাঠ্যপুস্তক তড়িঘড়ি করে প্রণয়ন করার প্রমাণ পাওয়া গেছে। লেখক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও প্রেসের সমন্বয়হীতার কারণে নানা ধরনের ভুলত্রুটি চিহ্নিত হয়েছে।

ভবিষ্যতে যাতে এ তিন স্তরে সঠিকভাবে সমন্বয় করা হয় সে জন্য সুপারিশ করেছে মূল্যায়ন কমিটি। ষষ্ঠ শ্রেণির বই থেকে মানব বিবর্তনবাদ অধ্যায় বাতিল করার সুপারিশ করা হয়েছে। বিভিন্ন অধ্যায়ে বানান ভুল, ছবি নির্বাচন করা ও উপস্থাপনায় ত্রুটি রয়েছে। কয়েকটি অধ্যায়ে অসঙ্গতি বাদ দিতে বলা হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে এনসিটিবির সদস্য (পাঠ্যক্রম) অধ্যাপক মশিউজ্জামান বলেন, নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে গেলে পৃথিবীর সব দেশে এ ধরনের কথাবার্তা ওঠে। নতুন বই যখন হয় তখন সেটি পরীক্ষামূলক এডিশন হিসেবে যায়। আমাদের এখানে ২০১২ সালে যে বই প্রণয়ন করা হয়েছে পরীক্ষামূলকভাবে গেছে। সেখানেও এমন অনেক ছবি, তথ্য, তত্ত্ব নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল। পরে সেগুলো সংশোধন করা হয়েছে। এটা লেখক সমাজের দোষ নয়।

‘ভুল কোনো তথ্য দিয়ে বই তৈরি করা হয়েছে- এ ধরনের কথা কেউ বলেনি। তত্ত্বের, তথ্যের ভুল হলে লেখকের ভুল হতো। এই বইটি ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে পড়ার জন্য উপযোগী নয়, এমন অনেকে অনেক কিছু ভাবতে পারেন। এটা এভাবে না ওভাবে হতে পারতো- এমনও ভাবতে পারেন। লেখক কমিটির ওই অর্থে কোনো ত্রুটি-বিচ্যুতি নেই। আমরা জানতাম যে নতুন বই নিয়ে অনেক অভিযোগ পাওয়া যাবে। ভবিষ্যতেও আসবে। তখন আবারো সংশোধন করা হবে। একেবারে নির্ভুল পাঠ্যপুস্তক কোথাও কেউ করতে পারেনি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.