শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ভারতের পশ্চিম বঙ্গের সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে প্রায় আড়াই মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, মহার্ঘ্য ভাতা তাঁদের অধিকার, তাই রাজ্য সরকারকে তা দিতেই হবে। কলকাতা হাইকোর্টও এই বিষয়ে জানিয়েছে, মহার্ঘ্য ভাতা সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। গোটা বিষয়টি নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। তার মাঝেই এবার রাজ্যের সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলগুলির প্রধান শিক্ষকদের একটি অধিকার ফিরিয়ে দিল রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রধান শিক্ষকদের জন্য অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির নিয়ম ফিরিয়ে আনল রাজ্যের শিক্ষাদফতর।
দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে যোগ দেওয়ার পর দায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধির জন্য একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হত। তবে গত বছর মে মাসে একটি নির্দেশিকা জারি করে সেই নিয়ম প্রত্যাহার করেছিল রাজ্যের শিক্ষাদফতর। তারপর প্রধান শিক্ষকদের সংগঠনগুলি এই ইনক্রিমেন্টের দাবিতে একাধিকবার বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেয়। অবশেষে রাজ্য সরকার তাঁদের সেই দাবি মেনে নিল।
এবার থেকে সহকারী শিক্ষক হিসেবে কাজে যোগ দেওয়ার ২০ বছরের মাথায় যে ইনক্রিমেন্টটি প্রাপ্য হয় সেটিও পাবেন প্রধান শিক্ষকরা। প্রধান শিক্ষক সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রসঙ্গত দ্রুত প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। অনেকে মনে করেন, তার আগে সরকারের এই পদক্ষেপে আরও উৎসাহী হবেন প্রধান শিক্ষক পদপ্রার্থীরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
