নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ পর্নোগ্রাফি আইনের মামলায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কনস্টেবল রাশেদুল খান ও তার সহযোগী শহিদুল ইসলাম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা গ্রামে অভিযান চালিয়ে রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ কনস্টেবল রাশেদুল খান এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকার একটি স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে অভিযুক্ত শহিদুল ইসলাম সুমনের পরিচয় হয়। গত ৫ মার্চ ওই শিক্ষক রাজশাহীতে এলে সুমন তাকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার একটি বাড়িতে ডেকে নেন। ওই বাড়িতে সুমন ভাড়া থাকতেন। পূর্বপরিচয়ের কারণে শিক্ষক সেখানে যান। বাড়িতে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন একজন নারী। এরপর জোর করে শিক্ষকের সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ কিছু ছবি-ভিডিও তুলে নেন সুমন ও পুলিশ সদস্য রাশেদুল খান। পরে ওই ছবি দেখিয়ে তারা শিক্ষকের কাছ থেকে টাকা দাবি করেন। তাকে ফাঁসাতে সুমনকে সহযোগিতা করেন পুলিশ সদস্য রাশেদুল খান।
এ ঘটনার পর গত ২০ মার্চ রাজপাড়া থানায় ভুক্তভোগী শিক্ষক আবুল কালাম আজাদ পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলার মাইনুদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল রাশেদুল খান ও বাইশা পুকুর ময়ামারি ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ জেলার রবিউল ইসলাম রবুর ছেলে শহিদুল ইসলাম সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়।
আরএমপির মুখপাত্র ও এডিসি রফিকুল আলম বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য রাশেদুল খানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
