নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ শিক্ষানগরী হিসেবে পরিচিত ময়মনসিংহ যেন পরিণত হয়েছে কোচিংয়ের নগরীতে। স্কুলশিক্ষকদের দাবি, অলিগলিসহ নগরীর বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা কোচিং ও প্রাইভেট সেন্টারের প্রতি অতি নির্ভরতা স্কুলের ক্লাস থেকে বিমুখ করছে শিক্ষার্থীদের। তবে অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, স্কুলে গুরুত্বসহ ক্লাস না করানো ও শিক্ষার নতুন কারিকুলামের সঙ্গে অভ্যস্ত না হওয়ায় কোচিং সেন্টারের প্রতি ঝুঁকতে হচ্ছে তাদের।
ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকলেও সবসময় স্কুলশিক্ষার্থীদের ভিড় থাকে। এই এলাকায় বিভিন্ন শিক্ষকের নামে আকর্ষণীয় বিজ্ঞাপনের ওপর চলছে শত শত প্রাইভেট আর কোচিং সেন্টার। বাউন্ডারি রোডের পাশাপাশি নগরীর নাহা রোড, জিলা স্কুল রোডে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে কোচিংয়ের জমজমাট ক্লাস।
স্কুলে ক্লাস করার পর একই বিষয়ে কেন ক্লাস করতে হয় কোচিং সেন্টারে, এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন; বিভিন্ন উৎসব ও দিবসকে কেন্দ্র করে স্কুল বন্ধ থাকায় শিক্ষকরা সিলেবাস শেষ করতে পারেন না। তাই বাধ্য হয়েই কোচিংয়ের ওপর নির্ভরশীল হতে হয় তাদের।
এ বিষয়ে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, যেসব শিক্ষার্থী ক্লাসের পড়াশোনায় মনোযোগী নয় তারাই কোচিং নির্ভরশীল। এ ছাড়া বাসায় সন্তানের পড়ালেখার বিষয়ে অভিভাবকদের বিশেষ যত্ন না থাকা শিক্ষার্থীদের কোচিংনির্ভরশীল করছে বলে মন্তব্য তার।
তবে এ বিষয়ে অভিভাবকরা বলছেন, বর্তমান শিক্ষা কারিকুলাম তাদের বুঝতে কষ্ট হয়, আর তাই কোচিংয়ের প্রতি ঝুঁকছেন তারা।
আরিফা খাতুন নামে এক অভিভাবক বলেন, স্কুলে তো একজন শিক্ষার্থী তার পড়াটা ভালোভাবে বুঝতে পারে না। শিক্ষক ভালো করে বোঝান না। এ কারণেই প্রাইভেট ও কোচিংয়ে পেছনে ছুটতে হয়।
সুব্রত সাহা নামে আরেক অভিভাবক বলেন, স্কুলে যে পড়াশোনা হয়, তা পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। আর তাই ভালো ফলাফলের জন্য তাদের সন্তানদের নিয়ে কোচিং সেন্টারের দ্বারস্থ হতে হয়।
আরও পড়ুন: নওগাঁয় বিদ্যালয়ের শিক্ষকরাই চালাচ্ছেন কোচিং বাণিজ্য!
ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, গতানুগতিক পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে সরকারের নতুন শিক্ষা কারিকুলাম পুরোপুরি চালু হলেই কোচিং বাণিজ্য বন্ধ হবে। এ ছাড়া সন্তানদের পড়ালেখা নিয়ে অভিভাবকদের এক ধরনের অসুস্থ প্রতিযোগিতাই কোচিং নির্ভরশীলতার কারণ বলে মন্তব্য তার।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রায় এক হাজার কোচিং সেন্টার রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
