এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় পর্বের আবেদন চলছে

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি (দ্বিতীয় পর্ব) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দ্বিতীয় দফার এই নিয়োগ কার্যক্রমে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার সব উপজেলা বা থানার স্থায়ী নাগরিকরা আবেদনের সুযোগ পাবেন।

সহকারী শিক্ষক পদটি রাজস্ব খাতভুক্ত। জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪-এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য এই পদে জনবল নেওয়া হবে। মাসিক বেতন ধরা হবে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০ টাকা)। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

♦ যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বয়স : ১৪ এপ্রিল ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২২.০৯.২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নং স্মারক মোতাবেক ২৫.০৩.২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল সেসব প্রার্থীও আবেদন করতে পারবেন।

♦ আবেদন করতে হবে অনলাইনে (http://dpe.teletalk.com.bd) ৩০ মার্চ ২০২৩ সকাল ১০.৩০টা থেকে ১৪ এপ্রিল ২০২৩ রাত ১১.৫৯টার মধ্যে।

♦ অনলাইনে আবেদন ফরম পূরণের যাবতীয় নির্দেশনা পাওয়া যাবে। নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

♦ আবেদন ফি জমার আগে ‘ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি’ একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির ৩ নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে ‘অ্যাপ্লিকেশন ফরম’ সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ‘ইউজার আইডি’সংবলিত ‘আনপেইড’ স্ট্যাটাস সম্পন্ন ‘ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি’র প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।

♦নির্ভুলভাবে পূরণকৃত ‘অ্যাপ্লিকেশন ফরম’-এর বিপরীতে প্রদত্ত ‘ইউজার আইডি’ ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ‘ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যেকোনো টেলিটক প্রিপ্রেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ২০০ টাকা আবেদন ফি মোট ২২০ টাকা পরিশোধ করতে হবে।

♦ আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডিসহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপর http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের ‘Download Applicant’s Copy’ ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও Password Submit করে Paid স্ট্যাটাসসম্পন্ন Final Applicant’s Copy পাওয়া যাবে। Final Applicant’s এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষাবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। শুধু আবেদন ফি পরিশোধের পরই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে আবেদন ফরম পূরণের সুযোগ থাকবে না।

♦ পরবর্তী সময়ে লিখিত পরীক্ষার ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিংকে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.