মাধ্যমিক ৫০০০ ও কলেজ ভর্তিতে ৮০০০ টাকা সহায়তা পাবে শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হবে। ভর্তিতে সহায়তা পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ভর্তিতে সহায়তার আবেদন গ্রহণ চলছে। ৩০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তিতে সহায়তা পেতে আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

৩০ মার্চ পর্যন্ত নির্ধারিত লিংকে প্রবেশ করে ভর্তিসহায়তা পেতে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বা অধ্যয়নকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তিসহায়তা দেওয়া হবে। ভর্তিসহায়তা পেতে শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অবেদন করতে হবে।

ই-ভর্তি সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ৩০ মার্চের মধ্যে সিস্টেম ব্যবহার করে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের জন্য ‘ভর্তিসহায়তা নির্দেশিকা’ অনুসারে শিক্ষার্থীরা কলেজে ভর্তিতে আর্থিক সহায়তা পাবেন। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তিসহায়তা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভর্তিসহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি, জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ প্রয়োজন হবে। আর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকদের কর্মরত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ প্রয়োজন হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.