এইমাত্র পাওয়া

‘পালিয়ে বেড়াচ্ছেন জাকির নায়েক’

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আলোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে ওমান থেকে ভারতে ফেরত আনার চেষ্টা চলছে। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বিষয়টি প্রকাশ্যে এনেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। শুক্রবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, জাকির নায়েককে দেশে ফেরত এনে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

অরিন্দম বলেন, ‘জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে বহু মামলা রয়েছে। তিনি আইনের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা বিষয়টি নিয়ে ওমানের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা শুরু করেছি।’ বক্তৃতা দিতে মাত্র একদিন আগেই ওমানে পৌঁছান জাকির নায়েক। দেশটিতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হচ্ছে তাকে।

অরিন্দমকে প্রশ্ন করা হয়, ওমানের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি আছে কি না। তিনি বলেন, ‘এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নই। আমাকে একবার খোঁজ নিতে হবে। ভারতের সঙ্গে কোন কোন দেশের প্রত্যর্পণ চুক্তি আছে তার তালিকা প্রকাশ্যেই আছে। আমার যত দূর মনে পড়ছে, ওমান সেই তালিকায় নেই।’

২০১৬ সালের শেষ দিকে জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। হিংসা ছড়ানো, বন্দি করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতার ছড়ানোর মতো অভিযোগ আনা হয়েছিল জাকির নায়েক ও তার সংগঠনের বিরুদ্ধে। পরে ভারত ছেড়ে জাকির নায়েক ঠাঁই নেন মালয়েশিয়াতে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.