এইমাত্র পাওয়া

‘যারা সরকারি চাকরি পাননি তাদেরই স্যার বলতে কষ্ট’

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ‘স্যার’ সম্বোধন নিয়ে তোলপাড়ের মাঝে বিতর্কিত এক মন্তব্য করে বসলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বাবুল। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দম্ভ করে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

‘কবি বাবুল’ নামে তার ব্যবহৃত আইডিতে তিনি লিখেছেন, ‘যিনি হাজার বার চেষ্টা করেও সরকারি চাকরি পাননি, তাদেরই স্যার বলতে কষ্ট লাগে। সরকারি চাকরি পেতে কত কষ্ট, নিয়ে দেখুন।’

এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘অনেকেই তুচ্ছ করে আমাকে ফোন করে চাকর বলে। এ জন্য বলছি চাকরি না হলে কত কষ্ট…। এই কারণে বলছিলাম আর কি।’

প্রজাতন্ত্রের কর্মচারীদের স্যার বলা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মন্তব্য মনে করিয়ে দেওয়া হয় আছাদুজ্জামান বাবুলকে। প্রতিমন্ত্রী বলেছেন, ‘আপা-ভাই ডাকলে মাইন্ড করার কিছুই নেই। কর্মকর্তাদের স্যার-ম্যাডাম ডাকতে হবে, এমন নীতি নেই।’

এই মন্তব্য তুলে ধরে জানতে চাওয়া হলে আছাদুজ্জামান বাবুল বলেন, ‘চাকরি করতে কত যে কষ্ট লাগে তা অনেকেই বুঝতে চায় না।’

তার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর তিনি ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি তুলে নেন।

টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা বেগম বলেন, ‘আমরা সবাই প্রজাতন্ত্রের সেবক। সবাইকে এটা মানতে হবে। আমাদের কাজ সেবা দেয়া। আমরা সবাই প্রজাতন্ত্রের চাকর।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.