নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই ১০ম শ্রেণির ছাত্রকে খুনের ঘটনায় শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। আজ বৃহস্পতিবার খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠীরা। খুনের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা ইন্দ্রকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির দুই ছাত্র মো. নাফিজ মোস্তফা আসনারী (১৫) ও মো. মারুফ হোসেন (১৫) ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত ছিল একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র সায়েম, রায়হান, হাসিবুল, নাঈম হোসেন, নাঈম মিয়া। নাফিজ ও মারুফ উপজেলার সূয্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা।
সূয্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে গিয়ে দেখা যায়, পুরো গ্রাম যেনো শোকে স্তব্ধ। নাফিজ ও মারুফের বাড়ি গিয়ে দেখা যায় তাদের স্বজনদের কান্না পুরো গ্রাম যেন ভারি হয়ে গেছে।
নাফিজের নানী মোসা. সেতারা বেগম বলেন, ‘আমার আদরের নাতিকে আমার কাছে এনে দাও। ও যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।’
নাফিজের মামাতো ভাই শওকত হোসেন বলেন, ‘আজ ছিল নাফিজের জন্মদিন। অথচ এই দিনেই তাকে কবরে শুয়ে দিতে হবে। ভাবতে পারছেন কত কষ্ট। এ ঘটনায় এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’
দুই ছাত্রের মৃত্যুতে ইন্দ্রকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শোকের ছাঁয়া নেমে এসেছে। সকালে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
সহপাঠী মো. শিহাব উদ্দিন বলেন, ‘নাফিজ, মারুফ আমি সবসময় একই বেঞ্চে বসতাম। গতকাল একসঙ্গে বসে কথা বলেছি। ওদের মৃত্যু আমি কোনভাবেই মানতে নিতে পারছি না। আমি এই হত্যার বিচার চাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, নাফিজ ও মারুফ দুজনেই মেধাবী ছিল। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘দোষিদের গ্রেপ্তার করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। গোয়েন্দা বিভাগসহ পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
