শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশ: স্কুলে উপস্থিতি বাড়াতে মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গত ২১ মার্চ “এক শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিকের ক্লাস!” শিরোনামে শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি এবং শিক্ষার মান বাড়াতে উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

উপস্থিতি বাড়াতে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০-৩৫ জন শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসির সভাপতিত্বে সমাবেশে কয়েকজন শিক্ষক ও অভিভাবক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় শিক্ষকরা অভিভাবকদের তাদের সন্তানদেরকে নিয়মিত সন্তানদের স্কুলে পাঠানোর অনুরোধ করেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অভিভাকেরাও নিয়মিত তাদের সন্তানকে স্কুলে পাঠানো এবং সার্বিক বিষয়ে সহযোগিতার আশ^াস দেন।

এসময় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আশা মনির মা শিখা বেগম বলেন, আমরা নিয়মিত সন্তানকে বিদ্যালয়ে পাঠাবো। এই বিদ্যালয় থেকে আমার এক সন্তান সমাপনী পরীক্ষায় ভাল রেজাল্ট করেছে। শিক্ষকরা প্রায়ই শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে বলে তিনি মনে করেন।

প্রথম শ্রেনীর শিক্ষার্থী তৈয়বার মা বিউটি আক্তার বলেন, বিদ্যালয়ের পরিবেশ ভাল, শিক্ষকরা বিদ্যালয়ে আসেন এবং পাঠদান করান। আমরাও এখন থেকে ওনাদের সবকিছুতে সহযোগিতা করবো।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক হালিমা বেগম, তাহমিদা আক্তার, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ জাকির হোসেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.