এইমাত্র পাওয়া

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান অবসরে যাচ্ছেন। অবসর বা পিআরএলে গমনের সুবিধার্থে বোর্ড থেকে প্রেষণ প্রত্যাহার করে তাকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার এ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২১ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর রাজশাহী বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন পান অধ্যাপক মো. হাবিবুর রহমান। তিনি এর আগে একই বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

প্রফেসর হাবিব ১৯৮০ সালে হরিমোহন গভ. স্কুল থেকে এসএসসি, ১৯৮২ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৫ সালে ব্যবস্থাপনা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) এবং ১৯৮৬ সালে একই বিষয়ে এমকম ডিগ্রী লাভ করেন।

পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নিয়ে আয়কর আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৩ সালে ১৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে নবাবগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনার প্রভাষক পদে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক হয়ে রাজশাহী সরকারি সিটি কলেজ ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে  রাজশাহী কলেজে ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকতা করেন।

পরে অধ্যাপক পদে উন্নীত হয়ে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষা মন্ত্রণালয় মো. হাবিবুর রহমানকে প্রেষণে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে নিয়োগ দেন। মঙ্গলবার তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ লাভ করেন।

এর আগে প্রফেসর মো. হাবিবুর রহমান বিসিএস শিক্ষা সমিতির রাজশাহী অঞ্চলের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ইউজিসির ফেলোশীপে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমফিল ডিগ্রী অর্জন করেন। তিনি রাজশাহী ক্যান্সার শেল্টার, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যাণ সোসাইটি এবং চাঁপাইনবাবগঞ্জ সাধারণ গ্রন্থাগারের আজীবন সদস্য। তিনি মহানন্দা প্রবীণ নিবাসের উদ্যোক্তা সদস্য। তিনি চাঁপাইনবাবগঞ্জস্থ ডা. এএএম মেসবাউল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.