এইমাত্র পাওয়া

এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে মাউশির আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সদ্য এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে শিক্ষা মন্ত্রণালয়। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ আদেশ জারি করেছে।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আগামী বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করতে বলা হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডকে। সাধারণত সরকারি নির্ধারিত দিনে সব বোর্ড বৃত্তির গেজেট প্রকাশ করতে পারে না। আশা করা হচ্ছে শিগগিরই বোর্ডগুলো বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করে গেজেট প্রকাশ করবে।

জানা গেছে, এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসেব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বলতে হবে। আগামী বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশ করতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডকে বলেছে শিক্ষা অধিদপ্তর।

২০২২ সালে এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৩৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৭৯৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ বোর্ডের ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৭০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ১৫২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ১০৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯০২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৮ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

এছাড়া বরিশাল বোর্ডের ৫১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ১৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯৫৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ৮৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮২৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ৮২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮৯২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবেই বৃত্তি কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.