অর্থের অভাবে নাসায় যাওয়া হচ্ছেনা শাবিপ্রবি টিমের

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০১৮-এর ‘বেস্ট ইউস অব ডেটা’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম অলীক।

আমেরিকার ভিসা পেলেও অর্থ সংগ্রহ করতে না পারায় নাসার অনুষ্ঠানে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে টিম অলীকসহ বাংলাদেশ থেকে নতুন আরও একটি চ্যাম্পিয়ন দল ‘মহাকাশে’র সদস্যদের।

 টিম অলীকের সদস্য কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও অর্থ সংগ্রহের জন্য স্পন্সরের সাহায্যের জন্য আবদেনও করেছেন তাদের নিজস্ব ফেইসবুক পেইজ থেকে।

এর আগে ২০১৯ সালে নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে টিম অলীক ভিসা না পাওয়ায় নাসার আমন্ত্রণে অংশ নিতে পারেনি।

ফেইসবুক পেইজে জানানো হয়, আমরা টিম অলীক ২০১৮ সালে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ‘বেস্ট ইউজ অফ ডাটা’ ক্যাটাগরিতে সমগ্র বিশ্বের ১৩৯৫টি দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হই। আমাদের তৈরি অ্যাপ্লিকেশন লুনার ভিআর, এই পুরস্কারটি জিতে নেয়।

অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যে কেউ নিজ স্মার্ট ফোনের মাধ্যমে চাঁদে যাওয়ার ভার্চুয়াল অভিজ্ঞতা পেতে পারে। যেমন অ্যাপোলো-১১ ল্যান্ডিং সাইট ভ্রমণ, চাঁদপৃষ্ঠ থেকে সূর্যগ্রহণ দেখা এবং এলআরও স্যাটেলাইটের সাহায্যে চাঁদের উপর প্রদক্ষিণ করা। এই এপ্লিকেশনটি বানানোর জন্য আমরা নাসার বিভিন্ন থ্রিডি মডেল ও তথ্য ব্যবহার করি।

টিম অলীককে ২০১৯ সালে ২২-২৩ জুলাই পুরস্কার গ্রহণ করতে ও নাসার আয়োজিত বিভিন্ন ইভেন্টে যোগ দিতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে প্রয়োজনীয় আমন্ত্রণপত্র ও কাগজপত্র থাকা সত্ত্বেও মার্কিন দূতাবাস তাদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করে।

পরবর্তীতে ২০২৩ সালে তারা আবারও ‘নাসা আর্থ এন্ড সায়েন্স’ কর্তৃক আয়োজিত প্রোগ্রামে আমন্ত্রণ পায়। যেখানে আমরা নাসার গবেষক এবং অন্যান্য গ্লোবাল চ্যাম্পিয়নদের সামনে আমাদের কাজ উপস্থাপন করতে পারবে বলে বিশ্বাস টিম অলীকের।

২০২১ সালে চ্যাম্পিয়ন টিম মহাকাশও একত্রে এই আমন্ত্রণ পায়। প্রোগ্রামটি আসন্ন ১৫-১৬ মার্চ ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুটি টিমের সদস্যরা মার্কিন দূতাবাস থেকে ভিসা পেয়েছে।

কিন্তু নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের লোকাল অর্গানাইজার ফান্ড কালেকশন করতে চাইলেও শেষ মুহুর্তে ফান্ড সংগ্রহ করতে না পারায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করা অনিশ্চয়তার পথে। এই পরিস্থিতিতে সর্বশেষ বাধা আর্থিক সংকটকে সমাধান করতে পারলে বাংলাদেশ থেকে টিম অলীক ও টিম মহাকাশের নাসা আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব।

টিম অলীক ও টিম মহাকাশ এ লক্ষ্যে স্পন্সর খুঁজছে। স্পন্সরকারী দুই টিমের অফিসিয়াল পার্টনার হিসেবে স্বীকৃতি পাবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ ব্র্যান্ডিং ও এক্সপোজার পাবে।

এর আগে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০১৮ তে চ্যাম্পিয়ন হওয়ার পরে ২০১৯ সালের ২১ জুন নাসা থেকে শাবিপ্রবির দল টিম অলীকের সদস্যদের ২১-২৩ জুলাই নাসার অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।

আমন্ত্রণপত্র পাওয়ার পরে দূতাবাসে ভিসার আবেদন করলে দূতাবাস ভিসা প্রত্যাখ্যান করায় তারা সেই বার নাসার আমন্ত্রণে অংশ নিতে পারেননি। ওই সময় প্রতিযোগীরা নাসার অনুষ্ঠানে যেতে না পারলেও সেখানে আইসিটি ডিভিশন থেকে ৬ জন এবং বেসিস থেকে একজন গিয়েছিলেন।

টিম অলীক সূত্র হতে জানা যায়, নাসার আমন্ত্রণে অংশ নিতে হলে চলতি মাসের ১৩ তারিখের মধ্যে ফ্লাইট ধরতে হবে। বিমান ভাড়াসহ অন্যান্য খরচ বাবদ প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন।

এই মুহূর্তে ব্যক্তি খরচে এতো টাকার ব্যবস্থা করা সম্ভব না। যদি কোনো প্রতিষ্ঠান আমাদের স্পন্সর করে তাহলে হয়তো বাংলাদেশ থেকে দুটি টিম নাসার আমন্ত্রণে অংশ নিতে পারবে। এর মধ্যে অর্থ সংগ্রহ না করা গেলে এবারও যাওয়া সম্ভব হবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.