এইমাত্র পাওয়া

এমপিও নীতিমালা ভঙ্গ করে ১৮ শিক্ষক-কর্মচারী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ভঙ্গ করে নিয়োগ দেওয়ার ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতিসহ ২২ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ মার্চ) জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল কুষ্টিয়ার আদালতে এই মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, কুমারখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক সভাপতি সামছুজ্জামান অরুন ও দুজন শিক্ষক প্রতিনিধি অপরাধমূলক অসদাচরণ করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ভঙ্গ করে নিয়োগ দেয়। যার প্রেক্ষিতে দুদক খোঁজ খবর নিয়ে সত্যতা প্রমাণ হওয়ায় মামলা দায়ের করে।

এ বিষয়ে কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ৬ মাস আগে খুলনা থেকে টিম এসে তদন্ত করে গেছে। আর দুদক আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়েই মামলা করেছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল জানান, ডিজির প্রতিনিধির অনুপস্থিতিতে, ব্যাক ডেট দেখিয়ে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে ১৮ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয় কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। তথ্য পাওয়ার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মঙ্গলবার কুষ্টিয়া কোর্টে মোট ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.