আজ থেকে ২২ দিন সকল কোচিং বন্ধ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নির্দেশনার বিষয়টি জানান।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষা চলাকালীন কোথাও কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও অনেকে বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান, এটা একদম ঠিক নয়। এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে মনিটরিং বাড়ানোরও আহ্বান জানান।’

জানা যায়, আগামী ২ নভেম্বর জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে একযোগে এবারের পরীক্ষা শুরু হবে। জেএসসি পরীক্ষা চলবে আগামী ১১ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.