নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এবার ছাত্রী নির্যাতনের ঘটনা ঘটেছে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। শিক্ষার্থীর মানসিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত করা হয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনকে।
গত শনিবার রাতে নির্যাতনের ঘটনা ঘটলেও সোমবার (৬ মার্চ) কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তারা।
কলেজের উপাধ্যক্ষকে আহ্বায়ক করে চারজন জ্যেষ্ঠ শিক্ষককে নিয়ে গঠিত কমিটির সঙ্গে কথা বলেছেন ভুক্তভোগী ও অভিযুক্ত শিক্ষার্থী।
হয়রানির শিকার ওই ছাত্রী বলেন, তদন্ত কমিটির ম্যামরা আমার সঙ্গে কথা বলেছেন। তারা ঘটনার বিষয়ে জানতে চেয়েছেন। সেদিন রাতে ঘটে যাওয়া সব ঘটনা ম্যামদের জানিয়েছি।
তিনি বলেন, এমন ঘটনায় মানসিকভাবে আমি প্রচণ্ড ভেঙে পড়েছি। আমি বিষয়গুলো আগেই কলেজ প্রশাসনকে জানিয়েছিলাম। কলেজের প্রশাসন বিষয়টি নিয়ে আলোচনায় বসার আগেই হাবিবা আক্তার সাইমুন তার অনুসারীদের দিয়ে জোরপূর্বক এমন কাজ করছেন। শেষ পর্যন্ত তারা ওই কক্ষটি দখল করেই নিয়েছেন।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার বলেন, আশা করছি আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন পেয়ে যাব।
গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের নতুন হলের (ফাতেমা হল) দ্বিতীয় তলার ২০০০৭ নম্বর কক্ষ ছাত্রলীগ নেত্রী হাবীবা আক্তার সাইমুন দখলে নিতে চেষ্টা করে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার বাদানুবাদও হয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে তার পছন্দের শিক্ষার্থীদের জোর করে এই কক্ষে উঠিয়ে দেয়। কক্ষে থাকা অন্যদের বের করে দেয়। তিনি কক্ষ পরিবর্তন করতে না চাইলে নির্যাতন করে, জোর করে তার বিছানাপত্র ফেলে দেয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
