ছুরি নিয়ে বিমানে যুবক, মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক।।

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে দেওয়ার চেষ্টা করলেন যুবক। বিমানকর্মীর দিকেও তিনি ধারালো অস্ত্র হাতে তেড়ে গিয়েছেন বলে অভিযোগ। বিমান থেকে নেমে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের। বিমানটি লস অ্যাঞ্জেলস থেকে বস্টন শহরের দিকে যাচ্ছিল। তাতে ছিলেন ৩৩ বছর বয়সি যুবক। তিনি ম্যাসাচুসেটসের বাসিন্দা। অভিযোগ, মাঝ আকাশে বিমানের মধ্যে তিনি হঠাৎ জরুরি দরজা খুলতে উদ্যত হন। বস্টনগামী বিমানটির অবতরণে তখনও ৪৫ মিনিট বাকি ছিল। ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা করা হচ্ছে বলে ককপিটে সতর্কবার্তা যায়।

পরিস্থিতি খতিয়ে দেখতে দরজার কাছে যান এক বিমানকর্মী। তিনি দেখেন, দরজাটি খোলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। দরজাটি আবার আগের মতো বন্ধ করে দিয়ে পাইলট এবং অন্য বিমানকর্মীদের এ কথা জানান তিনি। সে সময় অন্য সহযাত্রীরা জানান, তারা ওই যুবককে দরজার সামনে ঘোরাফেরা করতে দেখেছেন। তিনিই এই কাজ করেছেন বলে মনে করা হয়। তাকে প্রশ্ন করলে বিমানকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এই সময় এক বিমানকর্মীকে ধারালো অস্ত্র নিয়ে যুবক আক্রমণ করেন বলে অভিযোগ। ভাঙা একটি ধাতব চামচ দিয়ে ওই বিমানকর্মীর গলায় পরপর তিন বার কোপ মারেন তিনি। সঙ্গে সঙ্গে বিমানের অন্য যাত্রীরা যুবককে ধরে ফেলেন। বস্টন বিমানবন্দরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মার্কিন আইন অনুযায়ী, বিমানের দরজা খোলা এবং বিমানকর্মীকে আক্রমণের জন্য যুবকের পাঁচ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। সেই সঙ্গে দিতে হতে পারে মোটা অংকের জরিমানা।

সূত্র: আনন্দবাজার

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.