ফুলপরীকে নিরাপত্তা দিতে দুই জেলার পুলিশ সুপারকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ফুলপরী খাতুনকে অধিকতর নিরাপত্তা বিধান এবং পর্যবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়া ও পাবনা জেলা পুলিশ সুপারের কাছে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হাইকোর্ট থেকে নির্দেশনা পেয়ে গতকাল বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই ইস্যুতে দুই জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠান।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ইতোমধ্যে চিঠি পৌঁছেছে। আর আজ বৃহস্পতিবার ডাকযোগে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চিঠি পৌঁছাবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠিতে বলা হয়, দেশরত্ন শেখ হাসিনা হলের ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের মোবাইল বার্তার আদেশে এই চিঠি পাঠানো হয়। পাবনা ও কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে পৃথক দুটি চিঠি পাঠানো হয়। এর অনুলিপি ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কাছেও আরেকটি চিঠি দেওয়া হয়। চিঠিতে ভুক্তভোগীকে যে কোনো ছাত্রী হলে তার পছন্দমতো সিটে তুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যায়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে নবীন এক ছাত্রীকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা সেদিন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.