শিক্ষাবার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনার তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক সহকারী প্রক্টর এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. লিটন কুমার সাহাকে সদস্য-সচিব করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্য হলেন- রোকেয়া হলের আবাসিক শিক্ষক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ড. দিলারা জাহিদ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কমিটি গঠন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে যে কোন সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত কমিটির কাছে পেশ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ শতাধিক ভাসমান দোকানপাট থেকে বছরে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের মোবাইল টিমের একাংশের বিরুদ্ধে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
