নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়া কলেজের অধ্যক্ষ এ কে এম মইনুদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে গত কয়েক বছরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে ২০১৮ সালের ২৮ আগস্ট থেকে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করে। কিন্তু বগুড়া সদরের ধাওয়াপাড়ায় অবস্থিত বগুড়া কলেজ কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করে ২০১৮ সালের ১০ নভেম্বর নিয়োগ বোর্ড গঠন এবং ১২ নভেম্বর নিয়োগ পরীক্ষা গ্রহণ শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারি অধ্যক্ষ পদে একই কলেজের উপাধ্যক্ষ এ কে এম মইনুদ্দিনকে নিয়োগ দেয়। এরপর একই দিন অধ্যক্ষ পদে যোগদান করেন মইনুদ্দিন। তিনি অধ্যক্ষ পদে যোগদান করলেও প্রায় দুই বছর আগের উপাধ্যক্ষ পদের বেতনভাতা উত্তোলন করেন। পরে এলাকাবাসী তার নিয়োগ বিধিবহির্ভূত হওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানালে তদন্ত শুরু হয়। বগুড়া কলেজ নিবন্ধন কোড ১০১ (উচ্চ মাধ্যমিক) এর অধীনে হলেও অধ্যক্ষ মইনুদ্দিন অধ্যক্ষ পদে নিয়োগের পর থেকে নিবন্ধন কোড ১০২ (ডিগ্রি পর্যায়) মোতাবেক বেতনভাতা উত্তোলন করেন।
এলাকাবাসী বিষয়টি লিখিতভাবে জানালে ২০১৯ সালের ২৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের তৎকালীন উপপরিচালক (কলেজ-২) কলেজ পরিচালনা কমিটির তৎকালীন সভাপতিসহ চারজনকে এ বিষয়ে মতামত জানাতে চিঠি দেন। কিন্তু ওই চিঠির জবাব দেয়া হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ এ কে এম মইনুদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
