নিজস্ব প্রতিবেদেক, ঢাকা; প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ছয় হাজার সহকারী শিক্ষক প্রতিবছর অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যান। কাজেই নিয়োগ প্রক্রিয়াটা ধারাবাহিক করতে চাচ্ছি। যে কারণে বুয়েটের সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা বলেছে, আমরা যদি ক্লাস্টারভিত্তিক অর্থাৎ বিভাগভিত্তিক নিয়োগ দিতে পারি, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরে ছয় মাসের মধ্যে নিয়োগ দিতে পারব।
আমরা এখন ক্লাস্টারভিত্তিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আজকেই পত্রিকায় রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ মিলিয়ে আমরা একটি ক্লাস্টার করেছি। কারণ এই তিন বিভাগে তুলনামূলকভাবে বেশি শূন্যপদ আছে। বাকিগুলোকে নিয়ে এক বা দুটি ক্লাস্টার করা হবে। আগামী সপ্তাহে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তারপরের সপ্তাহে আরেকটি বিজ্ঞপ্তি দেয়া হবে। অর্থাৎ সাত দিন গ্যাপ দিয়ে দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে আমরা আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে দেব সব বিভাগে। আমরা ধারাবাহিকভাবে যেটি ধরব, সেটির ছয় মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করা হবে। একটি শেষ করে আরেকটিতে যাব। এতে এক বছরের মধ্যে বিভাগ অনুসারে শূন্যপদগুলো পূরণ করতে পারব বলে জানান তিনি।
ফরিদ আহাম্মদ বলেন, এরআগেও আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যে, ফেব্রুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেব। আমরা কিন্তু এই সময়ের মধ্যে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের প্রায় চার লাখ চার হাজার সহকারী শিক্ষক আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিবছর ছয় হাজারের কাছাকাছি শিক্ষক পিআরএলে যান। আমরা সর্বশেষ একটি বড় নিয়োগে ৩৭ হাজার ৫৭৪ শিক্ষক নিয়োগ দিয়েছি। সেই বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল ২০২০ সালে। তাদের নিয়োগ দিয়েছি ২০২২ সালে। দুই বছর সময় লেগেছে এ প্রক্রিয়ায়। এতে বুয়েটের সর্বোচ্চ কারিগরি সহায়তা নেয়া হয়েছে। কাজেই নিয়োগ প্রক্রিয়া এখন ছয়মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
এ সময়ে প্রাথমিক ও গণশিক্ষাপ্রতিমন্ত্রী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
