এইমাত্র পাওয়া

রংপুরের ১৪১৪ স্কুলে প্রধান শিক্ষক নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুর বিভাগের আট জেলায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। দীর্ঘদিন ধরে শিক্ষকদের মধ্য থেকে কেউ অস্থায়ীভিত্তিতে এই দায়িত্ব চালিয়ে নিলেও অনেকটা অভিভাবকহীন রয়েছে প্রতিষ্ঠানগুলো।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, বদলি, অবসরজনিত কারণসহ নানা কারণে প্রধান শিক্ষক নেই এমন এক হাজার ৪১৪টি প্রাথমিক বিদ্যালয় আছে রংপুর বিভাগের আট জেলায়। এসব প্রতিষ্ঠানে জ্যৈষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করলেও পূর্ণাঙ্গ ক্ষমতা না থাকায় নানা সংকটে খুঁড়িয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

রংপুর ক্যাডেট কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার আফসানা বলেন, একজন প্রধান শিক্ষককে অনেক দায়িত্ব পালন করতে হয়। সেখানে ভারপ্রাপ্ত হিসেবে আমাকে ক্লাস নেয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এটা আমার জন্য খুব কষ্টের। ক্লাসের পাশাপাশি স্কুলের সার্বিক বিষয়ে সময় দেয়া খুব কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি বিদ্যালয়ের পাঠদানে ব্যাহত হচ্ছে।

একই স্কুলের সহকারী শিক্ষক রওশন আরা বিথী বলেন, প্রধান শিক্ষক হচ্ছেন একজন দক্ষ লিডার। তার স্থান পূরণ করা খুব কঠিন।

নিউ জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী, সে তুলনায় শিক্ষক সংকট। আগে প্রধান শিক্ষক ছিলেন; কিন্তু এখন না থাকায় অনেক সমস্যা হচ্ছে।

কিশামত বিষু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অবিভাবক মনোয়ার হোসেন বলেন, একটি স্কুলে একজন প্রধান শিক্ষক হলেন প্রধান অভিভাবক। তার অনুপস্থিতি থাকলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এতে করে পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের চাহিদা কমে যায়।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, দ্রুত শূন্য পদে নিয়োগের ব্যবস্থা হবে। এ বিষয়ে মহাপরিচালক, সচিব ও মন্ত্রী অবগত আছেন। যে কোনো সময় উদ্যোগ নিয়ে এসব পদে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের ব্যবস্থা করবেন।

রংপুর বিভাগের ৮ জেলায় প্রধান শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা ৯ হাজার ৫০০ ৪৪টি। নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক পদে ৬৫ ভাগ পদোন্নতি আর ৩৫ ভাগ সরাসরি নিয়োগ করা হয়। আইন অনুযায়ী এ ধরনের পদে নিয়োগ দেয় সরকারি কর্মকমিশন-পিএসসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.