সড়কে প্রাণ গেল প্রাথমিকের সহকারী শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার মেলান্দহে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক শিক্ষক আহত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ডেফলায় শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল হক (৪০) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত সুমন মিয়া (৩৮) একই উপজেলার দক্ষিণ ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেল ৩টার দিকে আমিনুল হক ও সুমন মিয়া মোটরসাইকেলে জামালপুর থেকে দেওয়ানগঞ্জে তাদের বাড়িতে ফিরছিলেন। পথে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত শিক্ষক সুমন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষা আমিনুল হকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.