আসন ফাঁকা রেখেই ভর্তি শেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। এতে ‘এ’ ইউনিটে একটি ও ‘বি’ ইউনিটে মোট ৪৫টি আসন ফাঁকা রেখেই সম্পন্ন করা হয়েছে চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

গুচ্ছ অধিভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বিত ভর্তি কার্যক্রমে অংশ নিয়ে ভর্তি নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আর গুচ্ছভুক্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গত জানুয়ারিতেই তাদের ক্লাস শুরু করেছিল। তবে, অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি শেষ করলেও বাকী রয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আরও মেধাতালিকা প্রকাশ করা হবে কি না এ বিষয়ে আমাদের পরবর্তী মিটিংয়ে এই সিদ্ধান্ত নেবেন উপাচার্য স্যার।

একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন জানান, আর কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। কারণ, ক্লাস শুরু হয়েছে জানুয়ারির ২৩ তারিখ। এখনও যদি আমরা ভর্তিই নিতে থাকি, তাহলে সেশনজট হবে। তাই আমরা নতুন করে আর ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.