জনগণের জান-মাল রক্ষায় আগের মতো আগামীতেও মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘আমরা মাঠে আছি এবং থাকব। আমরা সরকারে যেমন আছি, জনগণের সঙ্গে মাঠেও তেমনি আছি। শান্তি, শৃঙ্খলা, জনগণের জান-মাল রক্ষায় চিরদিন ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শান্তি-শৃঙ্খলা যেন কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা যেন শান্তি বজায় রেখে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পারি। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য দেশকে সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, আর সেদিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে যে শান্তি সমাবেশ এটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ। কারণ চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। আবারও দেশে অরাজকতা সৃষ্টি এবং ২০১৩ ও ২০১৪ সালের মত অগ্নিসন্ত্রাস করতে চায়। কিন্তু আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টাকে অব্যশই প্রতিহত করবে।’
দীপু মনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এদেশে যতো অধিকার আছে, সে সমস্ত অধিকার প্রতিষ্ঠা করার বা আদায়ে নেতৃত্ব দিয়েছে। আমরা যে ভাষা পেয়েছি তার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন পেয়েছি এসব কিছুসহ দেশ গড়ার কাজে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, সাবেক সচিব ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত অনুজ বিজ্ঞানী ড. সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
