ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলায় ট্রেনে কেটে মাহিশা আকতার মোহনা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকালে শহরের চেলোপাড়া এলাকায় সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোহনা মারা যান।

স্থানীয়রা জানান, ওই ছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, ছাত্রী আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত কাটা পড়েছেন সেই ব্যাপারে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত মাহিশা আকতার মোহনা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার মঞ্জুর রহমান প্রামাণিকের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শহরের উত্তর কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মোহনার চাচাতো ভাই আবদুল কাইয়ুম জানান, ছোট ভাই জয়কে সঙ্গে নিয়ে মোহনা শহরের ওই বাসায় থেকে লেখাপড়া করত। সে কি কারণে শহরের চেলোপাড়ায় গেল ও ট্রেনে কাটা পড়ে মারা গেলে তা বুঝতে পারছি না।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, তারা ছাত্রীকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছেন। এসব ব্যাপারে তদন্ত চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.