শিক্ষাবার্তা ডেস্কঃ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মুন্সীগঞ্জে ৪৬৫টি প্রাথমিক ও মাধ্যমিকের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই। এর মধ্যে জেলার সরকারি ৩৯৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ে আজও শহীদ মিনার নির্মিত হয়নি। এতে ভাষা আন্দোলনের একাত্তর বছরেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অন্যত্র শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করতে হচ্ছে। একুশের প্রথম প্রহরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেখা মেলে না শ্রদ্ধা নিবেদনের আয়োজন।
জেলার ৬টি উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মিলিয়ে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট সংখ্যা হচ্ছে ৭৮৯টি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৭৯টি। এর মধ্যে ১১০টি বিদ্যালয়ে রয়েছে শহীদ মিনার। জেলায় সবচেয়ে বেশি ৪১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সিরাজদীখান উপজেলায়। অথচ এ উপজেলার ১৪ বিদ্যালয়েই নেই শহীদ মিনার। সদর উপজেলায় ৪০টি বিদ্যালয়ের মধ্যে ২৬টি, শ্রীনগরে ৩০টির মধ্যে ১২টি, টঙ্গীবাড়িতে ২৭টির মধ্যে ১১টি, গজারিয়ায় ২৩টির মধ্যে ১০টি ও লৌহজং উপজেলায় ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৬টি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত হয়নি আজও।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র মতে, এ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬১০টি। জেলার সিরাজদীখান উপজেলায় সবচেয়ে বেশি ১২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে এ উপজেলার ৭০টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মিত হয়নি। জেলার সদর উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮১টিতে, লৌহজং উপজেলার ৭৬ বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে, শ্রীনগর উপজেলার ১১২টি বিদ্যালয়ের মধ্যে ৭৮টিতে, টঙ্গীবাড়ি উপজেলার ৯২টি বিদ্যালয়ের মধ্যে ৬১টিতে ও গজারিয়া উপজেলার ৮৭টি বিদ্যালয়ের মধ্যে ৭৬টি বিদ্যালয়ের কোনো শহীদ মিনার নেই।
শহীদ মিনার প্রসঙ্গে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল হক ভূঞা আক্ষেপের সুরে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় ভবন হচ্ছে। অথচ শহীদ মিনারের অল্প করেও বরাদ্দ হয় না। ভবিষ্যত প্রজন্মের মধ্যে ভাষার প্রতি শ্রদ্ধাবোধ, দেশাত্মবোধ, ইতিহাস, ঐহিত্য চেতনা জাগ্রত রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা দরকার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে ভাষাশহীদদের ইতিহাস জানাতে শহীদ মিনার খুবই গুরুত্বপূর্ণ। সরকারি বরাদ্দ না থাকায় এখনও অনেক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা যায়নি। তবে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় কিছু কিছু বিদ্যালয়ে শহীদ মিনারের কাজ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
