নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ জেলার দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চারশ জনকে আসামি করে এই মামলা দায়ের করে।
জানা যায়, রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নর্থ ইস্ট মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালি দুই ছাত্রী ব্যক্তিগত প্রয়োজনে চন্ডিপুলের ফুলকলি মিষ্টির দোকানে যান। দোকান থেকে ফিরে আসার সময় স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার এক চালক তাদের উদ্দেশ্য করে অশালীন কথা বলেন এবং উত্ত্যক্ত করেন।
উত্ত্যক্তকারী চালক নর্থ ইস্ট হাসপাতালের পাশে সুমাইয়া কমপ্লেক্সের নিচ তলার বাদশা টেলিকম নামক ফ্লেক্সিলোডের দোকানের মালিক গুলজার আহমদের আত্মীয়।
উত্ত্যক্তের শিকার দুই ছাত্রী কলেজে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানালে কয়েকজন শিক্ষার্থী বাদশা টেলিকমে গিয়ে বিচার চান। এ সময় দুই পক্ষের মাঝে বাক-বিতণ্ডার সৃষ্টি হয় এবং একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় অটোরিকশা চালকরা এক জোট হয়ে শিক্ষার্থীদের মারধর করেন।
রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর ও এক পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।
শিক্ষার্থী উত্ত্যক্ত ও হামলার প্রতিবাদে সোমবার হাসপাতালের সামনে মানববন্ধন করেন মেডিকেলের শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে উত্ত্যক্তকারী যুবক ও হামলাকারীদের গ্রেপ্তার না করলে তারা কঠোর আন্দোলনে নামবেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
