এইমাত্র পাওয়া

১০ নির্দেশ ঢাবি ছাত্রলীগের

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট ক্যাম্পাসে পরিণত করতে ছাত্রলীগের প্রতিটি কর্মীর জন্য অবশ্য পালনীয় ১০টি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে সংগঠনটি। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা প্রদান করা হয়।

ছাত্রলীগের প্রতিটি কর্মীর জন্য অবশ্য পালনীয় ১০টি সাংগঠনিক নির্দেশনার মধ্যে রয়েছে- সাংগঠনিক কর্মসূচি ও নির্দেশনার বাইরে ব্যক্তিগত ও দলবদ্ধভাবে কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং পরিবেশ নষ্ট হওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না। এ ছাড়া

শিক্ষা উন্নয়ন ও গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিল্পচর্চা সম্পর্কিত প্রতিটি উদ্যোগ-আয়োজনে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখতে হবে; বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নির্মল-মনোরম রাখতে ব্যক্তিগত ব্যানার-ফেস্টুন ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং মোটরবাইক শোডাউন, উচ্চ শব্দে হর্ন বাজানো, সাউন্ড সিস্টেমের মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না।

আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ উন্নত, সুশৃঙ্খল আবাসন ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখতে হবে; বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে ক্রিয়াশীল অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বাস কমিটি প্রভৃতির সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখতে হবে; গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।

পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ-জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড, গুজব ও বিভ্রান্তি ছড়ানো, অপরাধমূলক প্রবণতা, মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি, নিরাপত্তা বিঘ্নকারী, বেআইনি, ইভটিজিং, র‌্যাগিং ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.