নিউজ ডেস্ক।।
আক্ষেপ নিয়ে পৃথিবী ছাড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনির হোসেন (৫৮)। গতকাল রবিবার ভোরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানা যায়, রাজনীতিতে সক্রিয় থাকলেও গত ২০ বছরে বিএনপিতে কোনো পদ-পদবি ছিল না মনির হোসেনের। শেষ ইচ্ছা ছিল গাজীপুর জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হতে। এজন্য তিনি ২০২০ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি মর্মস্পর্শী চিঠিও লিখেছিলেন। তার চিঠির পর গাজীপুর জেলা বিএনপির কমিটি দুই দফা পুনর্গঠন করা হয়েছে। প্রথমে আহ্বায়ক কমিটি, এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। তবে কোনো কমিটিতেই তার ঠাঁই হয়নি।
ঢাবির সাবেক সিনেট সদস্য ও সমবায় ব্যাংকের সাবেক পরিচালক মনির হোসেন স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর পর সামাজিক যোগযোগমাধ্যমে অনেকে শোকপ্রকাশ করেছেন। এতে কাদের কারণে তিনি পদ-পদবিতে ফিরতে পারেননি তাও কেউ কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন।
খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘দলীয় রাজনীতির অভ্যন্তরীণ রসায়ন ও প্রতিযোগিতার সমীকরণে মনির ঝঞ্ঝাক্ষুব্ধ এক অস্থির সময়ে যে অবস্থান নিয়েছিল, সে পক্ষ পরাভূত হয়। আর তাতেই প্রবল সম্ভাবনাময় মনির কক্ষচ্যুত হয়ে ছিটকে পড়ে রাজনীতির পাদপ্রদীপের আলোর বাইরে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনির হোসেন। গত বছরের ডিসেম্বরে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন। বাদ আসর গাজীপুরের কালীগঞ্জে গ্রামের ঈদগা ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় গাজীপুর জেলা বিএনপিসহ ছাত্রদলের সাবেক নেতারা অংশ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
