বছরের শুরুতে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দেয়। কিন্তু এবার নানামুখী সংকটের কারণে শিক্ষার্থীরা সব বই পায়নি শিক্ষাবর্ষের শুরুতে। পরে জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাতে উদ্যোগী হয় সরকার। কিন্তু সেই লক্ষ্যও বাস্তবায়ন হয়নি। ফেব্রুয়ারির শেষের দিকে এসেও অনেক এলাকায় শতভাগ বই পৌঁছায়নি। সরকারের সদিচ্ছার পরও পাঠ্য বই প্রস্তুত ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বই পৌঁছাতে পারেনি বলে সংশ্লিষ্টদের দাবি। যদিও প্রতিষ্ঠানটির দাবি তারা সব এলাকায় শতভাগ বই পৌঁছে দিয়েছে।
অথচ মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, এখনো কিছু এলাকায় শতভাগ বই পৌঁছায়নি। তবে কোথাও কোথাও শতভাগ বই পৌঁছানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব মানবজমিনকে বলেন, স্কুল ও মাদ্রাসা মিলিয়ে আমরা ইতিমধ্যে ৯৫ শতাংশ বই হাতে পেয়েছি।
চট্টগ্রামের পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ জানান তিনটি শ্রেণিতে তার উপজেলায় দু’টি করে বই বাকি রয়েছে। তিনি বলেন, আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির দু’টি করে বই এখনো পাইনি। অন্যসব পেয়েছি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শতভাগ বই পেয়েছি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১০ শতাংশের কম বই পেয়েছি।
নাটোরের গুরুদাসপুর উপজেলা শিক্ষা অফিসার খ. ম. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা প্রায় সব বই-ই পেয়েছি। চাহিদার তুলনায় আর ৫ শতাংশ পেলেই হয়ে যাবে। চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট, দিনাজপুরের পার্বতীপুর, ভোলার লালমোহনের শিক্ষা কর্মকর্তারা জানান, তারা শতভাগ বই হাতে পেয়েছেন। সব শিক্ষার্থীর মধ্যে এসব বই বিতরণ করা হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম বলেন, এ রকম হওয়ার সুযোগ নেই। আমরা সব জায়গায় বই পৌঁছে দিয়েছি। কেউ চক্রান্ত করছে কিনা সেটি দেখা দরকার। আমরা খোঁজ নিচ্ছি।
এ বছর এনসিটিবি প্রাথমিকের ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই ছাপানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু নানামুখী সংকটের কারণে বই ছাপানোর কাজ অনেক বিলম্বে শুরু হয়। বিশেষ করে প্রাথমিকের বই ছাপানো নিয়ে একসময় শঙ্কাও দেখা দেয়। শেষ পর্যন্ত বই ছাপানোর কাজ শুরু হয় পুরোদমে। সে সময় মুদ্রণ প্রকাশনা সমিতির এক নেতা জানিয়েছিলেন, মার্চের আগে কোনোভাবেই শতভাগ বই পৌঁছানো সম্ভব নয়। বাস্তবেও যথাসময়ে সব বই প্রস্তুত করতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তাই এখনো কিছু কিছু এলাকায় শতভাগ বই পৌঁছায়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
