এইমাত্র পাওয়া

ঢাকায় ৯০ ভাগই নকল হিজড়া: পুুলিশ

শিক্ষাবার্তা ডেস্কঃ দুই সন্তানের জনক। আপাদমস্তক সুস্থ। অথচ বেশ ধারণ করেন হিজড়ার! শুধু চাঁদাবাজি নয়, অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমেও লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে কাজল ওরফে সজনি হিজড়া চক্রের বিরুদ্ধে।

দেশে তৃতীয় লিঙ্গের মানুষকে হিজড়া বলা হয়। সত্যিকার অর্থেই যারা তৃতীয় লিঙ্গের তাদের অভিযোগ, রাজধানীতে অনেক নকল হিজড়া আছে। তাদের মূল উদ্দেশ্য মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া।

যাত্রাবাড়ী থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নকল হিজড়া চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের সবাই পরিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করেন। অথচ তারাই হিজড়া সেজে রাস্তায় বের হন চাঁদাবাজি করতে।

পুলিশ জানিয়েছে, সজনি হিজড়া তার মতো আরও ৭ থেকে ৮ জনকে নিয়ে তৈরি করেন নকল হিজড়া গ্রুপ। রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছিলেন তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চক্রটির প্রধান কাজল ওরফে সজনি হিজড়া। তার আসল নাম সোহাগ। দুই সন্তানের জনক সোহাগের রয়েছে সাত থেকে আটজনের চক্র। তারা চাঁদাবাজিসহ মানুষকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাজধানীতে নব্বই ভাগই নকল হিজড়া। শুধু রাস্তায় বা বাসায় চাঁদাবাজি নয়, অপহরণের মাধ্যমেও সোহাগের চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এমনকি চাঁদাবাজির টাকা চড়া সুদে খাটানোরও প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.