বিশ্বের ৭৮ মিলিয়ন শিশু কোনো দিন স্কুলে যায় না: জাতিসংঘ

শিক্ষাবার্তা ডেস্কঃ জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধ, জলবায়ু বিপর্যয় ও বাস্তুচ্যুতির কারণে বিশ্বজুড়ে ৭৮ মিলিয়ন ছেলে ও মেয়ে শিশু ‘কোনোদিন স্কুলে যায় না’। এ ছাড়া আরো কয়েক মিলিয়ন শিশু অনিয়মিত শিক্ষা গ্রহণ করে। এএফপি, ইউএনবি।

গত বৃহস্পতিবার জাতিসঙ্ঘের গ্লোবাল ফান্ড এডুকেশন ক্যানট ওয়েটের (ইসিডব্লিউ) মাধ্যমে জরুরি পরিস্থিতিতে শিক্ষার জন্য আরো তহবিল সংগ্রহের আহ্বান জানিয়ে গুতেরেস এক ভিডিও বার্তায় বলেছেন যে শিক্ষার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়।

গুতেরেস বলেন, বর্তমানে ২২২ মিলিয়ন শিশুর শিক্ষা ক্ষতির মুখে রয়েছে। ‘তাদের সাহায্য করার জন্য ১৮টি দেশ এবং ব্যক্তিগত অংশীদাররা ল্যান্ডমার্ক সম্মেলনের উদ্বোধনী দিনে জাতিসঙ্ঘের বৈশ্বিক তহবিল ইসিডব্লিউতে ৮২৬ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’

তিনি বলেন, ‘আপনি যেই হোন না কেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার জীবনে যে বাধাই আসুক না কেন, আপনার মানসম্পন্ন শিক্ষা পাওয়ার অধিকার আছে।’ তিনি ঝুঁকিপূর্ণ শিশু এবং তরুণদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আরো বেশি বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার আবেদন জানিয়েছেন।

জেনেভায় উচ্চপর্যায়ের অর্থায়ন সম্মেলনে মহাসচিব এডুকেশন ক্যানট ওয়েট (ইসিডব্লিউ) বিষয়টিকে স্বাগত জানান। ২০১৭ সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তহবিলটি ৮৭ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে এবং সঙ্কটে থাকা সাত মিলিয়ন শিশুকে ‘তাদের প্রাপ্য শিক্ষা’ দিয়েছে।

সম্মেলনের প্রথম দিনে ১৮টি দেশ এবং বেসরকারি খাত থেকে প্রতিশ্রুতি হিসাবে ৮২৬ মিলিয়ন ডলার পাওয়া গেছে।

জাতিসঙ্ঘের বৈশ্বিক শিক্ষাবিষয়ক বিশেষ দূত এবং ইসিডব্লিউ হাই-লেভেল স্টিয়ারিং গ্রুপের প্রধান গর্ডন ব্রাউন বলেছেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন ও দুর্গম স্থানের এবং সবচেয়ে অবহেলিত শিশুদের কথা বলছি।

আমরা সেই মেয়েদের কথা বলছি, যারা পাচার হতে বা শিশুশ্রম কিংবা বাল্যবিয়েতে বাধ্য হবে; যদি না আমরা তাদের সাহায্য করতে পারি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০২/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.