শিক্ষাবার্তা ডেস্কঃ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গাজীপুর জেলার ৫০ শয্যাবিশিষ্ট কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিস্ময়কর হলেও সত্য যে, এখানে বিভিন্ন রোগ পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম প্রায় সব সময়ই থাকে বিকল। এ ছাড়া ২০ ভাগ রোগের ক্ষেত্রে পরীক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেই সরকারি এই হাসপাতালে। আর এই সুযোগে হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে হাসপাতালের ভেতরেই গজিয়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের একটি শক্তিশালী চক্র, ঘুণের মতো খুঁড়ে খাচ্ছে সরকারি স্বাস্থ্যসেবাকে।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রকাশ্যে হাসপাতালের কম্পাউন্ড থেকে রোগীদের ধরে নিয়ে যাচ্ছে নিজ নিজ ক্লিনিকে। রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এদিকে এ প্রক্রিয়ার সঙ্গে অনেক অসাধু চিকিৎসকও জড়িত আছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কিছু কর্মকর্তা। এই চিকিৎসক শ্রেণির কারসাজিতেই আশপাশের বেসরকারি ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে চলছে টেস্ট বাণিজ্য। হাসপাতাল ঘিরে গড়ে ওঠা চিকিৎসক সিন্ডিকেটের এই টেস্ট বাণিজ্য এখন ‘ওপেন-সিক্রেট’। হাসপাতালের বড় একটি চক্র গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের বিভ্রান্ত করে এ কাজ করছে। আর উচ্চমূল্যে টেস্ট করাতে গিয়ে ওষুধ কেনার টাকা পর্যন্ত থাকছে না অনেক রোগীর।
সরেজমিনে দেখা হয় জাহানারা (৪৫) নামে এক রোগীর সঙ্গে। হরমোনাল কিছু সমস্যা নিয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। চিকিৎসক তার ব্যবস্থাপত্রে ইউরিনসহ বেশ কিছু টেস্ট করাতে বলেন। কিছু বুঝে উঠার আগেই হাসপাতাল কম্পাউন্ডের ভেতরেই দালাল চক্র চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রোগীকে নিয়ে যায় বেসরকারি ক্লিনিকে। পরে পরীক্ষা-নিরীক্ষা বাবদ ২ হাজার ৬০০ টাকার একটি বিল তার হাতে ধরিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।
হাসপাতালের একটি চেম্বার থেকে বেরিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক (৬৫) বলেন, ‘ডাক্তারের ব্যবহার খুবই খারাপ।’ নরেশ নামে আরেক সেবাপ্রার্থী বলেন, ‘ডাক্তার যে পরিমাণ টেস্ট দিয়েছে, ওষুধ কিনব কি দিয়া আর টেস্ট করবই বা কি দিয়া?’
সরেজমিন জানা গেছে, বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টারের অন্তত ১০ জন দালাল হাসপাতাল কম্পাউন্ডে দায়িত্ব পালন করছেন। তারা ঘুরে ঘুরে রোগীদের কাছ থেকে চিকিৎসকদের ব্যবস্থাপত্র কেড়ে নিয়ে দেখেন। তাতে টেস্ট করানোর নির্দেশনা থাকলেই স্বজনদের ফুসলিয়ে নমুনা সংগ্রহ করতে নিয়ে যান নিজেদের ক্লিনিকে। পরিস্থিতি দেখলে মনে হবে, যেন সরকারি হাসপাতালে বেসরকারি ক্লিনিকের সাব অফিস। এ মন্তব্য কেবল প্রতিবেদকের নয়, ভুক্তভোগী অনেকের। তাদের অভিযোগ, অনেক চিকিৎসক নিজেই বেসরকারি কোন ক্লিনিক থেকে টেস্ট করাতে হবে তা সরাসরি রোগী বা তার স্বজনদের বলে দেন। অসহায় রোগীদের পকেট লুটতে অসাধু চিকিৎসকদের একটি সিন্ডিকেট গড়ে উঠছে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। অর্থের লোভে টেস্ট বাণিজ্যে জড়িয়ে পড়ছেন নতুন আসা চিকিৎসকরাও। আর সিনিয়র চিকিৎসকরা নিজেরাই জড়িত থাকায় এই চক্রের অপতৎপরতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না হাসপাতালের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।
একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে হাসপাতালের এক চিকিৎসক বিসমিল্লাহ ডায়াগনোস্টিক সেন্টারে নিয়মিত রোগী পাঠাতেন আর এখন পাঠান শাপলা ডায়াগনোস্টিক সেন্টারে। অধিক লাভের ব্যবসায় নেমে অনেক চিকিৎসক নিজেদের পরিচয় ভুলে গিয়ে ব্যবসায়ীদের মতো মুনাফার লোভে যা খুশি তাই করছেন। তাদের কারসাজিতেই হাসপাতালের প্যাথলজি ল্যাবে দুয়েকটি টেস্ট ছাড়া সব ধরনের টেস্ট বাইরে থেকে করাতে হচ্ছে রোগীদের।
প্রসঙ্গত, সরকারি হাসপাতালের ২০০ গজের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার স্থাপন করা যাবে না-এমন একটি নীতিমালা করার উদ্যোগ নিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। কিন্তু রহস্যজনক কারণে সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি এখন পর্যন্ত। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সরেজমিন দেখা গেছে ২০০ গজেরও কম দূরত্বে গড়ে উঠেছে বিসমিল্লাহ ডায়াগনোস্টিক সেন্টার, আবেশমনি ডায়াগনোস্টিক সেন্টার, শাপলা ডায়াগনোস্টিক সেন্টারসহ নামে-বেনামে বহু মেডিকেল সেন্টার। এদের এজেন্ট, দালালরা সরকারি হাসপাতালের রোগীদের অসহায়ত্বকে জিম্মি করে অপ্রয়োজনীয় টেস্টের খড়গ চালাচ্ছে তাদের ওপর দিয়ে।
এদিকে টেস্ট বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-ই-এলাহী। আর অস্বাভাবিক টেস্ট, দালাল চক্রের দৌরাত্ম্য ও নামবিহীন মেডিকেল সেন্টারের ব্যাপারে জানতে চাইলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, ‘আপনি কি ডাক্তার? কী কী টেস্ট দিতে হবে তা ডাক্তারই বুঝবে।’ এরপর বলেন, রোগীদের কাছ থেকে কেউ যদি আমার কাছে কারও বিরুদ্ধে অভিযোগ করে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
