মাদ্রাসার এক শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ ও পাঁচ লাখ টাকা দাবি করায় শহীদ মন্ডল (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও এজাহার সূত্র জানায়, শহীদ মন্ডল বগুড়ার সারিয়াকান্দির হিন্দুকান্দি এলাকার মৃত আশরাফ মন্ডলের ছেলে। ইমোতে কথা বলার মাধ্যমে গাইবান্ধার এক মাদ্রাসা শিক্ষিকার সঙ্গে প্রথমে পরিচয় ও পরে বন্ধুত্ব গড়ে তোলে। এক পর্যায়ে ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ছবি ধারণ করে। পরে ওই শিক্ষিকাকে ব্ল্যাকমেইল শুরু করে। বাধ্য করে তাকে হোটেলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে।
পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। ওই নারী বাধ্য হয়ে মঙ্গলবার গাইবান্ধা সদর থানায় মামলা করেন।
র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর র্যাবের টিম আসামি শহীদ মন্ডলকে গ্রেফতারের অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দির হিন্দুকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
