শিক্ষাবার্তা ডেস্কঃ ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন। তার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে দুই ভাই–বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এমন একটি মর্মস্পর্শী ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। তিনি বলেন, ১৭ ঘণ্টা পর ওই দুই ভাই–বোন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
টুইটার পোস্টে সাফা লেখেন, সাত বছর বয়সী মেয়েটি তার ভাইকে সুরক্ষিত রাখার জন্য তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা ১৭ ঘণ্টা সেখানে আটকে ছিল। আমি দেখলাম, ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত তাহলে হয়তো সবাই তা শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন।
ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের আপ্লুত করেছে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার বেশ প্রশংসিত হয়েছে।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অলৌকিক ঘটনা। কী দারুণ বড় বোন। এ ধরনের চাপপূর্ণ পরিস্থিতিতেও কতটা ভালোবাসার বন্ধনে আগলে রেখেছে। যারা এখনো আটকে আছে তারাও উদ্ধার হবে বলে আশা করছি। যেসব উদ্ধারকারী নিরলস কাজ করে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা।’
আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘তার জন্য আশীর্বাদ। শিশুদের ভালোবাসা ও সহনশীলতা আমাকে কাঁদায়।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
