বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর জালকারী চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. আবু বকর সিদ্দিককে গেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিল বলে জানিয়েছেন গোয়েন্দা কমকর্তারা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে সিআইডির মিডিয়া উইংয়ের প্রধান মো. আজাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজার থেকে সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।

সিআইডি জানায়, সিদ্দিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শকের নামে সৃজনকৃত একটি ভুয়া দলিল দিয়ে গোপালচরণ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তার প্রতারণা ও জাল-জালিয়াতির বিষয় উল্লেখ করে অন্য একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ সিদ্দিকের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেন।

শাহবাগ থানায় মামলাটি হওয়ার পর অন্য দুটি সংস্থা দীর্ঘ সাত বছর তদন্ত করে। পরবর্তী সময়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম তদন্ত করেন। তদন্তে সিদ্দিকের জাল-জালিয়াতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.