‘বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় আমরা এখনও পিছিয়ে’

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম বলেছেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমরা যদি বিজ্ঞান, গণিত, ইংরেজি এসব শিখতে না পারি তাহলে আমরা আরও পিছিয়ে যাব। আমাদের দেশের কারিগরি শিক্ষাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।’

গতকাল  ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদিয়া কনফারেন্স মিলনায়তনে গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের (জিএএমপিআই) ২০২২-২৩ শিক্ষাবষের্র ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. করিম বলেন, ‘সাধারণ শিক্ষার প্রতি আমাদের নজর বেশি এবং কারিগরি শিক্ষার প্রতি অবহেলা রয়েছে। কারিগরি শিক্ষার প্রতি আমাদের যেসব ভ্রান্ত ধারণা রয়েছে তা দূর করতে হবে।’

কারিগরি শিক্ষার প্রসারে এগিয়ে আসায় গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম।

সভাপতির বক্তব্যে পলিটেকনিক ইনস্টিটিউট ম্যানেজিং কমিটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, ‘কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। আমরা শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছি।’

অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আবদুল বাতেন ও কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.