শিক্ষাবার্তা ডেস্কঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির রাষ্ট্রভাষার দাবি আকস্মিক কোনো ঘটনা নয়। অনেক চড়াই-উৎরাই, ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে অর্জিত হয়েছে রাষ্ট্রভাষার দাবি। এ অধিকার আদায়ের আন্দোলনের সূচনা ১৯৪৭ সালে। ওই বছর শেষের দিকে ছাত্ররা রাষ্ট্রভাষার পক্ষে আন্দোলনের সূচনা করেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সভাটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
সভায় বক্তৃতা করেন মুনীর চৌধুরী, কল্যাণ দাশগুপ্ত, কেএম আহসান, এস আহমদ প্রমুখ। তবে রাষ্ট্রভাষার পক্ষে বাস্তব আন্দোলন শুরু ১৯৪৮ সালের মার্চ মাস থেকে। আন্দোলনের একটি উপলক্ষ ছিল। সে সময় করাচিতে গণপরিষদের অধিবেশন চলছিল। এর আগে থেকে বিতর্ক হয় গণপরিষদের কাজের ভাষারূপে ইংরেজির সঙ্গে উর্র্র্দুকে যুক্ত করা নিয়ে। তৎকালীন পূর্ববাংলার সদস্য কংগ্রেস দলের ধীরেন্দ্রনাথ দত্ত সংশোধনী প্রস্তাব এনে বলেন, ‘বাংলাকেও যুক্ত করতে হবে।’ এরপর ভয়ানক বিরূপ প্রতিক্রিয়া হয়। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা করার দাবিতে ধর্মঘট পালন করার জন্য বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ একটি লিফলেট বিতরণ করে। সেই লিফলেটে উল্লেখ করা হয়, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের মাতৃভাষা বাংলার দাবি প্রতিষ্ঠা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম ক্ষান্ত হতে পারে না।’
সেই থেকে ছাত্ররা প্রতি বছর ১১ মার্চ পালন করতেন। এরই মধ্যে ভাষা আন্দোলনের রেশ টিকে ছিল। ইতিহাসবিদের মতে, ভাষা আন্দোলনের সূচনা মূলত ১৯৪৭ সালে। তবে পর্যায়ক্রমে ১৯৫০ সালে এ আন্দোলন জাতীয় রূপে প্রকাশ পায় । আর ১৯৫২-এর ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলন পরিপূর্ণ ভাষা আন্দোলনে পরিণত হয়। এ সময় একটাই শুধু সেøাগান ছিল, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। দেশের সবখানে একই স্লোগান। এই স্লোগান শেষ পর্যন্ত জাতি রাষ্ট্রের ইঙ্গিত বহন করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালে ছাত্র-যুবকদের ঘোষিত কর্মসূচিকে বানচাল করতে ঢাকা প্রশাসন ছিল তৎপর। এর আগের দিন ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। সেদিন রাতে ফজলুল হক হল আর ঢাকা হলের (বর্তমানে যা শহীদুল্লাহ হল) মাঝখানের পুকুর পাড়ে সিদ্ধান্ত নেওয়া হয়, যেকোনো মূল্যেই হোক ১৪৪ ধারা ভাঙা হবে। তার জন্য কতগুলো কৌশল অবলম্বন করা হবে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত হয়, ১৪৪ ধারা ভেঙে মেডিকেল হোস্টেলের দিকে বেরিয়ে যাওয়া। এ বিষয়ে আহমদ রফিক তার বইয়ে স্মৃতিচারণে বলেছেন, ২০ ফেব্রুয়ারি, রাতটা ছিল ওত পেতে থাকা চিতার মতো সতর্ক ও টানটান। রাজনীতি সচেতন প্রতিটি ছাত্র সেদিন ক্রোধ ও তিক্ততায় অস্থির।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩১/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
