শিক্ষাবার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বানর মানুষের পূর্ব পুরুষ নয়’ এ কথাটি বইতে তিন বার আছে।
তিনি বলেন, আপনারা যারা উপস্থিত আছেন ‘মানুষ বানর থেকে হয়েছে’ কেউ বইতে পড়ে দেখেছেন? কেউ দেখেননি এবং আমাদের বইতেও নেই। বইতে লেখা আছে- ‘শিক্ষার্থী প্রশ্ন করেছে মানুষ কী বানর থেকে এসেছে? শিক্ষক বলেছেন না। মানুষ বানর থেকে আসেনি। ‘বানর ও শিম্পাঞ্জি মানুষের পূর্ব পুরুষ’ এ কথা ঠিক নয়। আর এ কথাটি বইতে তিনবার বলা আছে। অথচ একটি গোষ্ঠী অপপ্রচার করছে।
চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে অভিজ্ঞতামূলক শিক্ষাতরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নতুন পাঠ্যক্রমের বই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশাল কর্মযজ্ঞের মধ্যে শুধুমাত্র মাধ্যমিকের ৬৫ বই নতুন করতে হয়েছে। এই ৬৫ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অক্ষর আমরা সকলে দেখেছি তা কিন্তু নয়। অনেকেই খুব কম দেখতে পেরেছি। কিন্তু তারপরও সেখানে যদি কোনো ভুল থেকে থাকে, সেটি অনিচ্ছাকৃতভাবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যদি কেউ ইচ্ছে করে ভুল করে থাকে তার জন্য তদন্ত কমিটি করেছি। এখন পর্যন্ত যে ভুলগুলো বেরিয়েছে, তার মধ্যে বেশির ভাগই হচ্ছে ১০ বছর আগের ভুল। আমি খুব খুশি ১০ বছর আগের বই সবাই পড়ছে। এতে ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে ত্রুটি থাকবে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৮/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
