শিক্ষাবার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) পরীক্ষা নিয়ে শঙ্কায় আছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ নীতিমালা হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই বলতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন ভিন্ন রকম হয়। তাই তাদের প্রস্তুতিটাও ভিন্নভাবে নিতে হয়। যদি সেকেন্ড টাইম পরীক্ষা থাকে তাহলে তারা আগে থেকেই সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। আর না হয় অংশ নিয়েও ভালো কিছু করতে পারবেন না।
ভর্তিচ্ছু সাদিয়া বিনতে রাহী বলেন, ‘করোনার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। আমাদের বড় ভাইয়ারাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পেরেছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ আছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্য বলতে কিছু নেই। তাই প্রশাসনের কাছে অনুরোধ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে দ্রুত অনলাইনে প্রকাশ করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সাড়া দিয়ে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার বাধা তুলে নিয়েছিলাম। আমি দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, ইউজিসি প্রতি বছর একটা সুপারিশমালা দেয়। এ বছরের সুপারিশমালা আমরা এখনো হাতে পাইনি। সুপারিশমালায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়, তাহলে সেটি নিয়ে ভর্তি কমিটির সভায় আলোচনা করবো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৮/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
