নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বাগেরহাটের কচুয়ায় তার বাবা শহীদ শেখ ফজলুল হক মনির নামে স্থাপিত কলেজে এসে আবেগাপ্লুত হয়ে বললেন, এই শিক্ষা প্রতিষ্ঠান তাকে উদ্বেলিত করে। তিনি বলেন, তার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা তার জন্য গর্বের। মুক্তিকামী বাঙালির স্বাধীকারে শেখ ফজলুল হক মনি যে অবদান রেখেছেন সেটা তার বাবার অনুসারীদের কাছ থেকেই তিনি শুনতে পারেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাটের কচুয়ায় স্থাপিত শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজ এই এলাকাকে সমৃদ্ধ করবে- এমন আশা প্রকাশ করে পরশ বলেন, ‘শিক্ষার মাধ্যমে আমরা সেই আলোকিত প্রজন্ম পাবো যে আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর প্রয়াশ চালাচ্ছেন আমাদের জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’
আবেগাপ্লুত পরশ বলেন, ‘বাবার নামের এই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করে বিমোহিত করে। আমি আবেগে আপ্লুত যে, বাদশা চাচাসহ আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা আমার জন্য গর্বের। গণতান্ত্রিক আন্দোলনে মুক্তিকামী বাঙালির স্বাধীনতার আন্দোলন থেকে ৬২ সাল, ৬৬ এর ৬ দফার প্রচার এবং প্রকাশের ক্ষেত্রে শেখ ফজলুল হক মনি যে অবদান রেখেছেন সেটা তো আমরা ইতিহাসের পাতায় পড়ি আর বাবার অনুসারীদের কাছ থেকে শুনতে পারি।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ, মুজিব বাহিনী সবকিছু মিলিয়ে বাবার যে ইতিহাস আমরা শুনতে পাই বাদশা চাচার মত অনুসারীদের কাছ থেকে, বাবার সহযোদ্ধাদের কাছ থেকে- এটা আমার জন্য সত্যিই একটা আনন্দের জায়গা, একটা বিশেষ অনুভূতির জায়গা। আসলে অনুভূতিটা বর্ণনা করা কঠিন।’
শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজ সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আমার একটা দুর্বলতা আছে। কারণ, আমি নিজেই একজন শিক্ষক। শিক্ষার প্রসার ছাড়া প্রগতি আসে না, শিক্ষার প্রসার ছাড়া আমরা অন্ধ জগতেই রয়ে যাই। আলো আমরা দেখতে পাই না, সমাজ দেখতে পায় না।’
কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বিসিবির পরিচালক শেখ সোহেল, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমসসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৭/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
