ঋণের দায়ে সন্তান বিক্রি, ফিরিয়ে দিল পুলিশ

শিক্ষাবার্তা ডেস্কঃ ত্রিশ হাজার টাকায় বিক্রি হওয়া এক শিশুকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশ।

ঢাকার দোহার থেকে উদ্ধারের পর বৃহস্পতিবার দুপুরে দেড় মাস বয়সী শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেন থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত।

এদিনে বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মাহবুব উজ জামান।

তিনি জানান, অভাবের কারণে শিশু হোসেনকে মাত্র ৩০ হাজার টাকায় দোহারের বাসিন্দা স্বর্ণা-কাশেম দম্পতির কাছে বিক্রি করে দেন টঙ্গীর আরিচপুরের মাসুম ও লিমা দম্পতি। এরপর থেকে তারা সন্তান হারিয়ে মুষড়ে পড়েন। বিষয়টি জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ জানালে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়। অবশেষে বুধবার রাতে শিশুটিকে ঢাকার দোহার থেকে উদ্ধার করে পুলিশ।

মাহবুব উজ জামান বলেন, দোহারের দম্পতির কাছ থেকে নেয়া ত্রিশ হাজার টাকা ফেরত দিয়েছে পুলিশ। এছাড়াও অভাবগ্রস্ত মাসুমের জন্য ১৫ হাজার টাকা বেতনে একটি বেসরকারি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৭/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.