শিক্ষাবার্তা ডেস্কঃ জানুয়ারি মাস শেষ হতে চলল, কিন্তু এখনও গাইবান্ধায় চাহিদা অনুযায়ী প্রাথমিক স্তরের সব বই পাওয়া যায়নি। বই সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি পর্যন্ত চাহিদার ৩৬ দশমিক ৪৫ ভাগ বই গাইবান্ধায় আসেনি। এজন্য সব ছাত্রছাত্রীর হাতে সব বই তুলে দেয়া সম্ভব হয়নি।
জানা গেছে, গাইবান্ধা জেলায় মোট এক হাজার ৪৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার লাখ তিন হাজার ৪৭৩ ছাত্রছাত্রী অধ্যয়নরত। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বইয়ের চাহিদা পাঠানো হয় মোট ২১ লাখ ৩৪ হাজার ১২৮টি। সেখানে পাওয়া গেছে বিভিন্ন শ্রেণির জন্য ১৩ লাখ ৫৬ হাজার ১৮৫টি। সে অনুযায়ী চাহিদার মোট প্রাপ্তির হার ৬৩ দশমিক ৫৫ ভাগ।
গাইবান্ধা শহরের ব্রিজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পেরেছেন। কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাত্র দুটি করে বই দেয়া সম্ভব হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানান, বই পেতে কিছুটা বিলম্ব হলেও এ মাসে সব বই এসে যাবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন। তিনি বলেন, সব বই কেউ কেউ না পেলেও বিশেষ ব্যবস্থায় লেখাপড়া অব্যাহত রয়েছে। ছাত্রছাত্রীদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৭/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
