শিক্ষাবার্তা ডেস্কঃ নীলফামারীর জলঢাকায় কোন প্রকার টেন্ডার বা কমিটির রেজুলেশন ছাড়াই এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা বেগমের নির্দেশে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে জলঢাকা পৌরশহরের উত্তর চেরেঙ্গা মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থাকা ৫ টি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন শ্রমিকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছ ৫ টি কাটার পর বিদ্যালয়ের পাশের একটি জমিতে পড়ে রয়েছে। এ সময় সহকারী শিক্ষিকা জাহানারা বেগমের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাছ গুলো স্কুলের, তবে আমাদের জমির সিমানায় আসায় আমার স্বামী গাছ ৫ টি কেটে ফেলেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন,প্রায় ৮ বছর আগে বিদ্যালয়ের জমিতেই এ গাছগুলো রোপন করা হয়েছিল,সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটতে হলে টেন্ডার বা রেজুলেশন অনুমোদন করে গাছ কাটার নিয়ম থাকলেও বন্ধের দিনে সুযোগ বুঝে সহকারী শিক্ষিকা জাহানারা বেগম সে নিয়ম না মেনে গাছ ৫ টি কর্তন করেন। এ নিয়ে স্কুলের শিক্ষকদের মাঝেও আলোচনা সমালোচনা চলছে।
এ বিষয়ে উত্তর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুয়ারা বেগম বলেন, গাছ ৫ টি প্রকৃতপক্ষে আমাদের স্কুলের জমিতেই ছিল, যা গত দুইবার সার্ভেয়ারের মাধ্যমে জমির সিমানা মেপে নিশ্চিত হতে পেরেছি। আমার বাধা নিষেধ থাকা সত্বেও সহকারী শিক্ষিকা গাছগুলো কেটে ফেলেছেন। বিষয়টি আমার ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কবির রতন বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৬/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
