নির্বাচন সুষ্ঠু করতে ডিসিদের ভুমিকাই মুখ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানে ডিসিদের ভূমিকাই মুখ্য হবে উল্লেখ করে তাদের প্রস্তুত থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে তার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বস্তুত সেই সময় তো সরকারের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবে। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা (ডিসিদের) বলেছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের ভূমিকাই মুখ্য হবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতায় তারা পরিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে যে কোনো পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.