প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফিফা প্রধান। এ সময় তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা।
ফিফা প্রধানের এই ‘শুভেচ্ছা সফর’ দুই দিনের হওয়ার কথা থাকলেও তা হতে যাচ্ছে এক দিনেরও কম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাফুফে ভবন পরিদর্শনে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট। সেখানে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করবেন তিনি।
এরপর দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। বিকেল ৫টায় বাংলাদেশ থেকে লাওসের উদ্দেশে ঢাকা ছাড়বেন ইনফান্তিনো।
মঙ্গোলিয়া থেকে ঢাকায় শুভেচ্ছা সফরে এসেছেন ৪৯ বছর বয়সী ইনফান্তিনো। সফরে তার সঙ্গী ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল মাথিয়াস গ্রাফস্ট্রোম, কমিউনিকেশনস প্রধান ওনোফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার সদস্য সংস্থার পরিচালক সঞ্জীবন বালাসিংহম এবং প্রেসিডেন্টের অফিস ম্যানেজার ফেডেরিকো রাভিংলিওন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
