এইমাত্র পাওয়া

চোরের মোটরসাইকেল পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

শিক্ষাবার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারী আটক হয়েছে। আটকের পর তাদের গণধোলাই এবং সঙ্গে থাকা মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

গতকাল (২২ জানুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক এসে ছিনতাইকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দফতরে নিয়ে যায়।

আটক দুজন হলেন- রাজশাহীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার শাকিল উদ্দিনের ছেলে শাহিন আহমেদ ধ্রুব (২০)। তিনি রাজশাহীর কোর্ট স্টেশনের রবিউল ইসলাম কালুর ছেলে মো. ফয়সাল (২০)।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হানুল ফেরদৌস। তিনি বিশ্ববিদ্যালয়ের শহিদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।

প্রক্টর দফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধ্রুবর বাসা নগরীর তেরখাদিয়ার ডাবতলার পূর্বের মোড়ে। আরেক ছিনতাইকারী ফয়সালের বাসা নগরীর কোর্ট স্টেশনে।

জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি আনুমানিক রাত ৯টায় ফোনে কথা বলতে বলতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহিদ এএইচএম কামারুজ্জামান হল সংলগ্ন রাস্তা দিয়ে আসছিলাম। এসময় বাইক সহযোগে এসে হঠাৎ করে ছিনতাইকারীরা আমার ফোনটা ছিনিয়ে নেয়। এরপর আমি চোর চোর বলে চেঁচামেচি করি। এসময় আমার সামনে থাকা শিক্ষার্থীরা তাদের তাড়া করে। পরে বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হলের সামনে এসে ছিনতাইকারীরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে ধরা পরে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে ছিনতাইকারী ধরা পরেছে শোনামাত্রই আমি ঘটনাস্থলে যাই। পরে শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা ছিনতাইকারীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে নিয়ে আসি। এখন আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৩/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.