শিক্ষাবার্তা ডেস্কঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল করা,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) বিভাজন বন্ধসহ ২৬ দফা দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এসব দাবি উত্থাপন করা হয়। শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সচিব।
এসব দাবির মধ্যে রয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতি চালু: সকল স্তরে পদোন্নতিযোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি, প্রতিবছরে অন্তত একবার সকল স্তরে পদোন্নতি প্রদান, প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদান।
পদ সৃষ্টি : শিক্ষা ক্যাডারের চাহিদা অনুযায়ী প্রস্তাবিত ১২ সহস্রাধিক পদ সৃষ্টি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা, মাউশিতে এবং জেলা ও উপজেলা পর্যায়ে দপ্তর স্থাপন করে প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টি, নায়েম ও মাউশিতে সৃষ্ট পদগুলোতে নিয়োগের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
পদ ও স্কেল আপগ্রেডেশন : অধ্যাপক পদের শতভাগ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, জরুরি ভিত্তিতে ক্যাডার স্ট্রেন্থ অনুযায়ী ১ম ও ২য় গ্রেডে পদ আপগ্রেডেশন, শিক্ষা ক্যাডারে ছয় স্তরের পদ-সোপান তৈরি।
ডিআইএ এবং মাউশির বিভাজন রক্ষা ও ক্ষমতায়ন : মাউশি হতে মাধ্যমিক শিক্ষাকে আলাদাকরণ চেষ্টা বন্ধ করা, মাউশিকে সকল স্তরে বদলি ও পদায়নের ক্ষমতা প্রদান, ডিআইএকে বিভক্তিকরণ চেষ্টা বন্ধ করা এবং প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুযায়ী পদ সৃষ্টি করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করা।
জাতীয় বিশ্ববিদ্যালয় : বাংলাদেশে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পদসমূহে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করণ।
কর্মস্থলে নিরাপত্তা : পাবলিক পরীক্ষা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রস্তাবিত শিক্ষা আইনে শিক্ষকদের নিরাপত্তাবিধানে বিধি সংযোজন।
বদলি নীতিমালা : শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের জন্য প্রতি তিন বছর পরপর স্বয়ংক্রিয় বদলি নীতিমালা কার্যকর করা।নন ভ্যাকেশন বিভাগ : শিক্ষা ক্যাডারকে ননভ্যাকেশন বিভাগ ঘোষণা করা, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি প্রদান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর : দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের প্রশাসনিক দায়িত্বপালন, ব্যবস্থাপনা, গবেষণা, পরিকল্পনা ও পরিচালনার জন্য সাধারণ শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু শিক্ষা ক্যাডারের শিডিউলভুক্ত পদসমূহে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের পদায়নের চেষ্টা অব্যাহত আছে। সেটি বন্ধ করে শিক্ষা ক্যাডারদের পদায়ন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল করাসহ ২৬ দফা দাবি তুরে ধরা হয়েছে।
সংগঠনের সভাপতি ও মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, অন্যান্য ক্যাডারদের তুলনায় শিক্ষা ক্যাডারভুক্তরা দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রী ক্যাডারদের মধ্যে বৈষম্য দূরীকরণে নির্দেশনা দেওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। সে কারণে যৌক্তিক বেশ কিছু দাবি সচিবের কাছে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, সচিব আমাদের সকল দাবির বিষয়ে মনোযোগ দিয়ে শুনেছেন। কেন এতদিন ধরে এসব বাস্তবায়ন হয়নি তা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে জানতে চান। শিক্ষা ক্যাডারের ১২ হাজারের অধিক পদ সৃজন কাজ অনেক অগ্রগতি হয়েছে বলে তিনি আমাদের জানান।
এ সময় সংগঠনের মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা, সহসভাপতি মো. মামুন উল হক, কামরুন নাহার, যুগ্ম মহাসচিব রাশিদা আক্তার, জিয়া আরেফিন আজাদ, বিপুল চন্দ্র সরকার, মোহাম্মদ নাসির হোসেনসহ ২৫ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২০/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
